নিউজ ডেস্ক :
আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়। এতে উপ-সচিব মো. কামরুজ্জামানের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজানে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী নিজস্ব সময়সূচি নির্ধারণ করতে পারবে।
এ বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে।
