রমজানে লোডশেডিং কমাতে উদ্যোগ, এই মুহূর্তে বাড়ছে না বিদ্যুতের দাম: উপদেষ্টা ফাওজুল কবির

নিউজ ডেস্ক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য চাপ থাকলেও সরকার এই মুহূর্তে তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেয়নি। আজ ৫ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, গরমের সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এয়ার কন্ডিশনার (এসি) ১৮ ডিগ্রি’র পরিবর্তে ২৫-২৬ ডিগ্রি তাপমাত্রায় চালানো হলে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

এছাড়া, গ্রীষ্মকালে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, যারা নতুন সংযোগ বা শিল্প কারখানার জন্য অতিরিক্ত গ্যাসের লোড চাইবেন, তাদের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর প্রস্তাবিত নতুন গ্যাসের দাম কার্যকর হবে।