রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক:

আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন, যা চলবে তিন দিনব্যাপী। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন শেষ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ শনিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলনে এবার মোট ৩৪টি কার্য ও অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। মাঠপর্যায়ের প্রশাসনের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নীতিনির্ধারণী দিক-নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।

সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, নীতি নির্ধারণ এবং মাঠ প্রশাসনের ভূমিকা আরও কার্যকর করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসকরা স্থানীয় প্রশাসনের সমন্বয়কারী হিসেবে কাজ করেন, তাই তাদের অভিজ্ঞতা ও সুপারিশ সরকারের বিভিন্ন বিভাগীয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এবারের সম্মেলনেও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জেলা প্রশাসকদের প্রস্তাব ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।