আন্তর্জাতিক ডেস্ক::
যুক্তরাষ্ট্র লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান শত্রুতার অবসান চায়। বৃহস্পতিবার লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি প্রস্তাব জমা দিয়েছেন। এতে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষ থামাতে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে দুইটি রাজনৈতিক সূত্র জানিয়েছে।
নাবিহ বেরি হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং অতীতেও তার মাধ্যমে যুদ্ধবিরতির চেষ্টা চালানো হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা এখনো কার্যকর হয়নি।
গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের শেষের দিকে ইসরাইল লেবাননে বিমান ও স্থল অভিযান শুরু করে। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ অনেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। সংঘর্ষে এ পর্যন্ত ৪৭ জন ইসরাইলি সেনাও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় তিন শতাধিক।
এদিকে, গাজায় চলমান সংঘাতের কারণে ইসরাইলের হামলায় লেবাননে তিন হাজার ৩৮৬ জনের বেশি মানুষ নিহত এবং ১৪ হাজার ৪১৭ জন আহত হয়েছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট জানান, যুদ্ধবিরতির পরও ইসরাইলের লেবাননে হামলার স্বাধীনতা চাওয়ার দাবি নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, ইসরাইল এই শর্তটি চাপিয়ে দিচ্ছে, তবে ফ্রান্স এটি মেনে নেওয়ার সম্ভাবনা নিয়ে সংশয়ে রয়েছে।
