নিউজ ডেস্ক:
মৌলভীবাজার জেলার জুড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. রাহুল উদ্দিন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নম্বর গ্রামের গয়েস মিয়ার ছেলে। বিজিবি জানায়, তিনি দীর্ঘদিন ধরে চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত।
বিজিবি সূত্রে জানা গেছে, ফুলতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. রাজু আহমেদের বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাহুলকে আটক করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক রাজু আহমেদ বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।