নিউজ ডেস্ক:
মেডিকেল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে সোমবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অযৌক্তিক কোটা পদ্ধতির কারণে এ বছর কম নম্বর পাওয়া অনেক শিক্ষার্থী চান্স পেলেও, অধিক নম্বর পাওয়া মেধাবীরা বাদ পড়েছেন। এ সময় তারা ‘৪০ পেয়ে চান্স হয়, ৭৩ কেন বাদ’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই’ -সহ নানা স্লোগান দেন।
অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব সমাবেশে বলেন, “অনেকেই ৪০, ৪১ পেয়ে চান্স পেয়েছে, অথচ এর দ্বিগুণ পেয়েও অনেকে চান্স পায়নি। এটি মেধার প্রতি বৈষম্য। আজকের মধ্যেই কোটা পদ্ধতির বিলুপ্তি এবং ফল পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছি।”
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিব হোসেন বলেন, “এ বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০-৩৫ নম্বর কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সব ধরনের কোটার অবসান চাই।”
