আলীকদম প্রতিনিধি
বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ভেতরে চলমান তীব্র সংঘাতের জের ধরে বাংলাদেশে প্রবেশ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেছেন মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ জন সদস্য। সীমান্তে মিয়ানমারের চেইন রাজ্যের অভ্যন্তরে জান্তা বাহিনী ও সংঘাতরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে প্রচণ্ড গোলাগুলি ও সীমান্ত অস্থিরতার মাঝেই এ ঘটনা ঘটল।
সীমান্তবর্তী সূত্র জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে সাম্প্রতিক দিনে সংঘাত চরম আকার ধারণ করায় টিকতে না পেরে প্রাণভয়ে আলীকদম সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। এ সময় বিজিবি সদস্যরা তাদের ঘিরে ফেলে এবং তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরপরই বিজিবি তাদের অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে এবং সুরক্ষার স্বার্থে নিজেদের হেফাজতে নেয়।
বর্তমানে আলীকদমসহ বান্দরবানের সীমান্তজুড়ে চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। ওপার থেকে ভেসে আসা বিকট বিস্ফোরণের শব্দে সীমান্তঘেঁষা বাংলাদেশি গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আলীকদম সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।
আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আত্মসমর্পণকারী মিয়ানমারের এসব সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রক্রিয়া শুরু করবে কর্তৃপক্ষ।
