বিশেষ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই আর থ্রি হুইলার চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই চালিত সার্ভেইল্যান্স ক্যামেরার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, লেন পরিবর্তন এবং উলটোপথে চলাচলের মতো অপরাধগুলো এআই ক্যামেরা সঙ্গে সঙ্গে ধরে ফেলবে এবং তা স্বয়ংক্রিয় জরিমানা সিস্টেমে যুক্ত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। এতে কোনো ভুল বা কারিগরি ত্রুটি ধরা পড়লে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। এর সফলতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য সকল মহাসড়কেও এই স্বয়ংক্রিয় জরিমানা ও এআই প্রযুক্তি চালু করা হবে।”
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এআই প্রযুক্তির এই অটো ফাইন সিস্টেম চালু হওয়ায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার হবে এবং ম্যানুয়াল ট্রাফিক নিয়ন্ত্রণের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।
