নিউজ ডেস্ক:
মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও ২৩ কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ সিরাজ উল্লাহ।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৪ সালে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণের সময় তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নানা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। ভুক্তভোগী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী একই বছরের ১৯ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন, যা তদন্তের জন্য দুদকের কাছে পাঠানো হয়।
দুদক দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর ২৩ জন নতুন আসামির নাম অন্তর্ভুক্ত করে মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। চলতি বছরের ২১ জানুয়ারি আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রবিবার আদালতে আত্মসমর্পণের পর রুহুল আমিনের আইনজীবীরা জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানির পর তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার বাদী কায়সারুল ইসলাম চৌধুরী এ আদেশে সন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন।
