নিউজ ডেস্ক :
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে পুনরায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে পাঠানো এই সহায়তায় রয়েছে খাদ্য, ওষুধ, ত্রাণ তাবু ও চিকিৎসা সরঞ্জাম।
ত্রাণ অভিযানে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল টিম এবং বেসামরিক চিকিৎসক মিলিয়ে মোট ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক অংশ নিয়েছেন। এছাড়া, তিনটি বিমানের ৩৭ জন ক্রু সদস্যও এ অভিযানে যুক্ত রয়েছেন। অভিযানের সদস্যরা টিকে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য জরুরি উপকরণ সঙ্গে নিয়ে গেছেন।
ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার, ২ দশমিক ৫ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ১ দশমিক ৫ টন ত্রাণ তাবু। এর আগে, রোববার বাংলাদেশ প্রথম দফায় সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ত্রাণ ও মেডিকেল টিম পাঠিয়েছিল। বিপর্যস্ত মানুষের সহায়তায় বাংলাদেশ সরকারের এ উদ্যোগ কৃতজ্ঞতা ও প্রশংসা কুড়িয়েছে।
