নিউজ ডেস্ক :
মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় সেনাবাহিনীর নেতৃত্বে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি থেকে একটি সি-১৩০জে ও একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা দেয়। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
গত ২৮ মার্চ ২০২৫, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মায়ানমার ও থাইল্যান্ড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মায়ানমারে প্রাণহানি ছাড়িয়ে গেছে ১৬০০ এবং আহতের সংখ্যা ৩০০০-এর বেশি। ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের সংকট তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকার মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ওষুধ, তাবু, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে। এছাড়া, সেনাবাহিনীর ২০ সদস্যের বিশেষ উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের ১০ সদস্যের আরেকটি দল প্রস্তুত রাখা হয়েছে, যা পরিস্থিতির ওপর ভিত্তি করে মায়ানমারে পাঠানো হবে।
বাংলাদেশ সেনাবাহিনী আশা করছে, এ সহায়তা মায়ানমারের ভূমিকম্প-বিধ্বস্ত মানুষের দুর্দশা লাঘবে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও যে কোনো আন্তর্জাতিক সংকটে সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে সেনাবাহিনী সদা প্রস্তুত থাকবে।
