বিশেষ প্রতিনিধি
ঢাকা, ২২ আগস্ট, ২০২৬:
রাজধানীর থানাগুলোতে আসা সাধারণ ও ভুক্তভোগী মানুষের পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন এই থানাটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক অবকাঠামো এবং পুলিশি সেবার মান প্রত্যক্ষ করেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও মেস ঘুরে দেখেন।
ব্যারাক পরিদর্শনের সময় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ এবং মেসের খাদ্যের মান নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি ও কর্মপরিবেশের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। জিডি বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যা শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া নিজের সমস্যা সরাসরি জানাতে পারেন—আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
