নিউজ ডেস্ক:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। আটক ওই নেতার নাম চন্দন কুমার পাল (৭১)।
বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর চেষ্টাকালে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশকালে পুলিশ, নিরাপত্তাকর্মী ও বিজিবি সদস্যরা তাকে চিহ্নিত করেন এবং সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে নিশ্চিত হওয়ার পর, তাকে গ্রেপ্তার করা হয়।
চন্দন কুমারের সঙ্গী রয়েল কোচ পরিবহনের অংশীদার সঞ্জয় কুমার কুণ্ড জটিলতা এড়িয়ে কৌশলে ভারতে প্রবেশ করতে সক্ষম হন।
শেরপুর থানায় চন্দন কুমারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে গ্রেপ্তারের পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ফারুক মজুমদার। তিনি আরও জানান, চন্দন পাল ইমিগ্রেশন ভবনে প্রবেশের পর তার আচরণে সন্দেহ হওয়ায় নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশ ও বিজিবি সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
শেরপুরের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত চন্দন কুমার পাল, দলের অভ্যন্তরীণ ও বাইরে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচিত। গত কয়েক মাসে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল, যা নিয়ে বিভিন্ন মহলে উত্তেজনা দেখা দেয়।
