ভারতীয় ভিসা নিয়ে অনিশ্চয়তা কাটেনি: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে এখনো কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভিসা সংক্রান্ত জটিলতা বাংলাদেশের তৈরি নয়, ভারত নিজস্ব কারণেই এটি সীমিত রেখেছে। ভিসা দেওয়া বা না দেওয়া তাদের সার্বভৌম সিদ্ধান্ত, তাই এ বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তিনি জানান, বাংলাদেশ সরকার আশা করছে, ভারত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে, যাতে যারা ভারত ভ্রমণ করতে চান, তারা যথাযথ অনুমতি পান।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের লক্ষ্য, এবং প্রধান উপদেষ্টার বক্তব্যও একই অবস্থানের প্রতিফলন।