নিউ ডেস্ক:
ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তত ২৭১টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।
গতকাল (২ ফেব্রুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ১১৪টি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে, যা মোট সংখ্যার ৪২ শতাংশ। এ ছাড়া জাতীয় বিষয়ে ৬৭টি, আন্তর্জাতিক বিষয়ে ২৯টি, ধর্মীয় বিষয়ে ১৮টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ১৫টি, শিক্ষা বিষয়ে ৯টি, প্রতারণা সংক্রান্ত ৬টি এবং খেলাধুলা সংক্রান্ত ৫টি ভুয়া তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
পর্যালোচনায় উঠে এসেছে, ফেসবুকে সর্বাধিক ২২৫টি, এক্সে ৫৬টি, টিকটকে ৪৪টি, ইউটিউবে ৪২টি, ইনস্টাগ্রামে ১৯টি এবং থ্রেডসে অন্তত একটি ভুয়া তথ্য প্রচারিত হয়েছে।
এছাড়া, দেশের গণমাধ্যমেও অন্তত ১৬টি ভুল তথ্য প্রকাশ পেয়েছে বলে জানায় রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি আরও জানায়, ভারতীয় গণমাধ্যমে ৭টি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে, আর ৯টি ঘটনায় ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ও পেজ থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।
সাম্প্রদায়িক অপতথ্য সম্পর্কেও সতর্ক করেছে সংস্থাটি। জানুয়ারিতে ৩২টি সাম্প্রদায়িক ভুয়া তথ্য চিহ্নিত হয়েছে, যার মধ্যে ২৫টি ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত হয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ১৩টি ভুল তথ্য এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১২টি ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। এছাড়া, পুলিশ, বিজিবি, কোটা আন্দোলনকারী সংগঠনসহ বিভিন্ন সংস্থাকে জড়িয়ে বেশ কিছু ভুয়া তথ্য প্রচারের প্রমাণ মিলেছে।
সূত্র: রিউমার স্ক্যানার, এন টিভি
