নিউজ ডেস্ক:
সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় হিন্দু ঐক্যমঞ্চের ব্যানারে কয়েকশ নেতাকর্মী বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, করিমগঞ্জে একটি রাস্তায় বিক্ষোভকারীরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে বিএসএফ সদস্যরাও পুলিশের সঙ্গে যুক্ত হন।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা এই মার্চে অংশ নিয়েছেন। আসামের বরাক ভ্যালির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জীবন গেলে যাবে, তবুও বাংলাদেশে যাবেন।”
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, বিক্ষোভকারীরা বাংলাদেশ সীমান্ত থেকে দুই কিলোমিটার দূরে অবস্থান করছিল। তাদের সুতারকান্দি স্থলবন্দরের কাছে আসার আগেই আটকানো হয়।
এ ঘটনার পর সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ সীমান্তে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
