নিউজ ডেস্ক :
বাংলা নববর্ষ ১৪৩২-কে সামনে রেখে জাতির জন্য বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা আমাদের একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে উৎসাহ ও প্রেরণা জোগায়।
বাণীতে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছর হোক পুরনো গ্লানি, দুঃখ ও ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার নতুন দিগন্ত। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতিতে শুধু একটি দিন নয়, বরং এটি সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের প্রতীক। এই দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয় ভালোবাসা ও আনন্দে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলা নববর্ষ উদযাপনের শিকড় নিহিত রয়েছে ইতিহাসের গভীরে। মুঘল সম্রাট আকবরের ‘ফসলি সন’ হিসেবে বাংলা সনের সূচনা আজ সময়ের পরিক্রমায় অসাম্প্রদায়িক চেতনার অন্যতম উৎসবে পরিণত হয়েছে।
নববর্ষ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান ও উদ্যোগের সফলতা কামনা করে ড. ইউনূস বলেন, নববর্ষ হোক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও উদ্যমের অনন্য সূচনালগ্ন, যেখানে আমরা সবাই মিলে নতুন করে স্বপ্ন দেখি, এগিয়ে যাই একটি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশের পথে।
