নিউজ ডেস্ক :
শ্রম আইন সংস্কারে আন্তর্জাতিক মান বজায় রাখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ মার্চ) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কার্যকর সংস্কার সম্পন্ন করতে হবে।
প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানান, অজুহাতের জায়গা নেই, বরং আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম আইন সংশোধন করা হলে লক্ষ লক্ষ শ্রমিকের জীবনমান উন্নত হবে। তিনি শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী বলেন, শ্রম খাতে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, তবে আরও কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুয়োমো পোতিয়ানেন বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামী ১০ থেকে ২০ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫৩তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।
