নিউজ ডেস্ক :
অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৮৩ বছর বয়সী এই গুণী শিল্পোদ্যোক্তা।
সৈয়দ মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর জানিয়েছেন, আজই তার মরদেহ দেশে আনার চেষ্টা করছেন তারা। বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হয়ে তিনি বাংলাদেশে উৎপাদিত জুতার আন্তর্জাতিক বাজার তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন। রপ্তানি শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি তার প্রতিষ্ঠান অ্যাপেক্স দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে ওঠে।
১৯৯৬ ও ২০০১ সালে দুই দফায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মঞ্জুর এলাহী। ১৯৯৬ সালে তিনি যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক ও অর্থনৈতিক খাতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।
