আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষমতার শেষ সময়ে এসে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যেন উসকে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ইউক্রেনকে দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে হামলায় ব্যবহার করতে আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন।
সোমবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ তিন বছর ধরে চলমান এই যুদ্ধে এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেননি বাইডেন। কিন্তু বিদায়ের মুহূর্তে এসে এই সিদ্ধান্ত বদল করলেন তিনি।
রয়টার্সের সূত্রমতে, আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বাইডেনের এই পদক্ষেপ এমন সময় এলো, যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের জন্য অপেক্ষা করছেন। ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর তার প্রথম কাজ হবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করা।
এর আগে উত্তর কোরিয়া সীমান্ত থেকে সেনা এনে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামিয়েছে রাশিয়া। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিদায়ী প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।
