বিশেষ প্রতিবেদক | নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
বান্দরবানের সীমান্তবর্তী দুর্গম অঞ্চলগুলোকে রুট হিসেবে ব্যবহার করে বিপুল পরিমাণ মাদকের চালান ঢাকায় ছড়ানোর এক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এক বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১ লাখ পিস বার্মিজ ইয়াবার একটি সুবিশাল চালান।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার ভেতের ‘কাস্টম’ নামক এক নির্জন এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
পাহাড়ের গোপন আস্তানা ও নিখুঁত অভিযান
গোয়েন্দা সূত্র জানায়, মায়ানমার সীমান্ত পার করে একটি সংঘবদ্ধ চোরাচালানি চক্র এসব বার্মিজ ইয়াবার চালানটি কাস্টম এলাকার একটি নিরাপদ আস্তানায় সাময়িকভাবে মজুদ করেছিল। উদ্দেশ্য ছিল সুবিধাজনক সময়ে তা দেশের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়া। তবে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির সতর্ক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা দুর্গম পাহাড় ও গহিন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও বিপুল পরিমাণ ইয়াবার চালানটি ফেলে রেখে যেতে বাধ্য হয়। পরবর্তীতে উক্ত স্থান থেকে ১ লাখ পিস পরিত্যক্ত বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি।
চোরাচালান রোধে কঠোর বার্তা
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এই সফল অভিযান নিয়ে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমান্তরক্ষী হিসেবে নয়, দেশের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো মূল্যে মাদক চোরাচালান রুখে দেওয়া হবে।”
