নিউজ ডেস্ক:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা-পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার (২০ নভেম্বর) রাতে রাজাপুর উপজেলার গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের নিজ বাড়ি মেহজাবিনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ এলাকায় যাওয়ার পথে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং শাহজাহান ওমরসহ তার চালক আহত হন। তার সফরসঙ্গী বাবুল মৃধা রিপন জানান, গাড়িতে ইটপাটকেল ছোড়ার ফলে শাহজাহান ওমরের হাতে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।
উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় চার দশকের সম্পর্ক ছিন্ন করে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে জয়ী হলেও গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।