নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান পৌরসভায় নিয়মবহির্ভূতভাবে সার ডিলার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিতর্কিত ওই ডিলার নিয়োগের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অরিজিনাল জুরিসডিকশনের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালত ও রিট সূত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার কালাঘাট এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুর রহমানের পক্ষে (মেসার্স হাবিব অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী) এই রিট পিটিশন (নম্বর: ১৪৯৬০ অব ২০২৬) দায়ের করা হয়। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে আদালত এই বিষয়ে শুনানি গ্রহণ করেন।
রিটে অভিযোগ করা হয়, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর ৩.১ এবং ৭.৩ অনুচ্ছেদ লঙ্ঘন করে কোনো স্থায়ী বাসস্থান ছাড়াই রাশেদুল কবির নামের এক ব্যক্তিকে বান্দরবান পৌরসভার সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে স্মারক নম্বর ১২.০০.০০০৩১৭.০০০.০০৬.২৬-১৯০ মূলে এই নিয়োগ প্রদান করা হয়, যা রিটে চ্যালেঞ্জ করা হয়েছিল।
শুনানি শেষে আদালত কেন ওই নিয়োগকে আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল নিসি (Rule Nisi) জারি করেছেন। পাশাপাশি, আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী পক্ষের রাশেদুল কবিরের সার ডিলার হিসেবে নিয়োগের কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছেন আদালত।
মামলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের সচিব, সার ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের কৃষি অর্থনীতিবিদ, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক, বান্দরবান সদরের উপজেলা কৃষি অফিসার এবং ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত রাশেদুল কবিরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আদালতে রিটকারকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া ও মো. আবু শাহেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলবৃন্দ।
