বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ২ জন পর্যটক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বিকেলে চকরিয়া থেকে আসা পর্যটকদের দলটি একটি নোহা গাড়িতে করে আলীকদম হয়ে তিন্দুর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটক মারা যান এবং বাকিরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া জোন বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত জানান, তিন্দু সড়কে একটি নোহা গাড়ি উল্টে খাদে পড়ে গিয়ে দুই পর্যটক নিহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
