থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি-বংকুপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল কেবিন পিকআপ ভ্যান উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে থানচি-বংকুপাড়া সড়কের ১০ কিলোমিটার নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম দেরাজ মিয়া। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমেদ ও আয়েশা বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে বংকুপাড়া থেকে যাত্রী ও মালামাল নিয়ে থানচি সদরের দিকে ফিরছিল সিভিল ডাবল কেবিন পিকআপটি। পথে ১০ কিলো এলাকায় পৌঁছালে পাহাড়ি উঁচু-নিচু সড়কের বাক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তার পাশে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক দেরাজ মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন।
ঘটনার খবর পেয়ে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। উল্টে যাওয়া গাড়ির নিচে চালক আটকা পড়ায় উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। পরে উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার জানান, থানচি-বংকুপাড়া সড়কের ১০ কিলো এলাকায় একটি পিকআপ উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে আইনি প্রক্রিয়া চলছে।
