নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬
বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদসহ মাংরুম ম্রো (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
বুধবার (১২ আগস্ট) গভীর রাতে আলীকদম-থানচি সড়কের ১১ কিলোমিটার এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশের একটি মোবাইল টিম এবং আলীকদম সেনাজোনের একটি টহল দল যৌথভাবে এ অভিযান চালায়। রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে অভিযান পরিচালনাকালে স্থানীয় বাসিন্দা মাংরুম ম্রোকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজতে রাখা ৩৩৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটক মাংরুম ম্রো আলীকদম সদর ইউনিয়নের ২৯১ নম্বর তৈনফা মৌজার লংধং পাড়ার স্থায়ী বাসিন্দা।
উদ্ধারকৃত গোলাবারুদ জব্দতালিকাভুক্ত করে আসামিসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
