নিউজ ডেস্ক:
আগামী সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন, যা চলবে চার দিন। সীমান্ত নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরের বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আর ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী নেতৃত্ব দেবেন ভারতীয় পক্ষের। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
চার দিনব্যাপী এ বৈঠকে সীমান্তে বেড়া নির্মাণ, উত্তেজনা রোধে করণীয়, চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সর্বশেষ দ্বিপাক্ষিক সম্মেলন হয়েছিল গত বছরের মার্চে ঢাকায়। শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে অন্যতম। দুই দেশের পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ।