নিউজ ডেস্ক:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, এস কে সুর সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।
২০২২ সালে আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে তলব করা হয়। অভিযোগ রয়েছে, ডেপুটি গভর্নর থাকাকালে তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেন এবং সুবিধা নেন।
উল্লেখ্য, এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।
