নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন তুললে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা বা ডিপ স্টেটের ভূমিকা ছিল না।
বরং এটি এমন একটি বিষয়, যা নিয়ে মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই এ নিয়ে মন্তব্য করার বদলে তিনি বিষয়টি মোদির হাতেই ছেড়ে দিয়েছেন। তবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে বলা হলে মোদি তা এড়িয়ে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন ইউক্রেন ইস্যু।
হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠকে অর্থনীতি, সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর নানা বিষয় উঠে আসে। ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন।
মোদির জন্য আয়োজিত উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে বৈঠকের সূচনা হয়, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম হোয়াইট হাউজ সফর হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
