নিউজ ডেস্ক :
বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা লোংগি বাংলাদেশে অফিস স্থাপন ও সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের সম্ভাবনা খতিয়ে দেখতে সফর করেছে। গত ডিসেম্বরে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে আসা বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে লোংগিসহ অন্তত দুটি চীনা কোম্পানি বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
এসময় রাষ্ট্রদূত জানান, চীনের একটি নিবেদিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শিগগিরই বাংলাদেশে কাজ শুরু করবে এবং চীনের বিনিয়োগকারীরা দ্রুত তাদের কার্যক্রম শুরু করতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা আরও চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ পশ্চিমা বাজারে রফতানি করতে ইচ্ছুক কোম্পানিগুলোর জন্য অন্যতম সেরা উৎপাদন কেন্দ্র হতে পারে। স্বাস্থ্য খাতেও চীনা হাসপাতাল চেইনগুলোর বিনিয়োগের সুযোগ রয়েছে।
রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল ডেডিকেটেড করেছে এবং ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি চিকিৎসক দল সেখানে সফর করেছে।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন, যেখানে তিনি বোয়াও ফোরামে বক্তব্য রাখবেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে দুই দেশের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।
