নিউজ ডেস্ক:
বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে আক্রান্তদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো জটিলতা দেখা যায়নি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই।আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন জানিয়েছেন, সম্প্রতি নিপাহ ভাইরাস সন্দেহে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এদের মধ্যে নিপাহ ভাইরাসের অস্তিত্ব না পাওয়া গেলেও পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে।তিনি আরও বলেন, দেশের অনেক এনকেফালাইটিস রোগীর ক্ষেত্রে কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই গবেষণা ভবিষ্যতে এ ধরনের রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশেষজ্ঞদের মতে, রিওভাইরাস সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। আক্রান্তদের শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া হতে পারে।
কিছু ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করে নিউমোনিয়া বা এনকেফালাইটিসের (মস্তিষ্ক প্রদাহ) কারণ হতে পারে। শিশু ও বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিতে থাকে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।উল্লেখ্য, বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে, এবং এটি শীতকালে বেশি সক্রিয় থাকে।