নিউজ ডেস্ক :
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে রবিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি জানান, ইইউ প্রতিনিধি দল জানতে চেয়েছে, নির্বাচন কমিশন (ইসি) আগামী নির্বাচনের জন্য কী ধরনের প্রস্তুতি নিয়েছে এবং কোন বিষয়ে সহায়তা প্রয়োজন। বাজেট সংক্রান্ত বিষয়েও তারা খোঁজ নিয়েছে। তিনি তাদের আশ্বস্ত করেছেন যে, সরকারের কাছ থেকে প্রয়োজনীয় বাজেট পাওয়া যাবে এবং তহবিল সংক্রান্ত কোনো অসুবিধা নেই।
ইউএনডিপির সহযোগিতায় একটি নিড অ্যাসেসমেন্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, আগামী মাসে একটি কর্মশালা আয়োজন করা হবে, যেখানে সিভিল সোসাইটি, পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
ইইউর প্রত্যাশার সঙ্গে নির্বাচন কমিশনের অবস্থানও মিল রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ, স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করব। অতীতের প্রসঙ্গ টেনে লাভ নেই, বরং বর্তমান পরিস্থিতির ওপরই গুরুত্ব দেওয়া উচিত।” তিনি সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
