নিউজ ডেস্ক :
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের ক্ষমতার পালাবদল যাই হোক না কেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার নীতিতে অটল থাকবে চীন। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকারের ওপর নির্ভরশীল নয়; এটি দুই দেশের জনগণের স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।
মঙ্গলবার (১১ মার্চ) ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ যে পরিবর্তনই আসুক, বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনো পরিবর্তন হবে না। পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, চীন সব রাজনৈতিক দলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, সংকট সমাধানের একমাত্র উপায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো, এবং এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে চীন। তবে এ সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, চীন রাখাইন অঞ্চলে সেনাবাহিনী ও মিলিটারি গোষ্ঠীর সঙ্গে কাজ করছে, যাতে একটি রাজনৈতিক সমাধান বের করা যায়। তবে আসিয়ান ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সমর্থন ছাড়া সংকট আরও জটিল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং এ বিষয়ে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
