নিউজ ডেস্ক :
জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে—এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এই সংকটময় সময়ে জাতিসংঘ সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে।
গুতেরেস জানান, জাতিসংঘের আঞ্চলিক অফিসগুলো সংস্থাটির সাফল্যের মূল ভিত্তি, আর বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সরকার ও জনগণের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে তিনি দেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নেওয়া সংস্কার উদ্যোগগুলোকেও স্বাগত জানান জাতিসংঘের মহাসচিব।
বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে গুতেরেস বলেন, জাতিসংঘ এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনাসদস্যদের অবদানের প্রশংসা করেন তিনি।
এদিনের কর্মসূচিতে জাতিসংঘ মহাসচিব রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে যান এবং সংস্থাটির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলনও করেন তিনি।
দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেবেন গুতেরেস। এরপর তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
চারদিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সফর শেষে আগামী রোববার সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।