নিউজ ডেস্ক :
বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নমূলক কর্মসূচির অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নতুন অর্থনৈতিক পরিকল্পনার আওতায় বাংলাদেশে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলার এবং ভারতের ২১ মিলিয়ন ডলারসহ আরও কয়েকটি দেশের জন্য বরাদ্দকৃত তহবিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাজেট সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই), যা ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, এই সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে। তাদের ভাষ্যমতে, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকটে পড়তে পারে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারত ছাড়াও মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, মলদোভা, নেপাল ও মালির মতো দেশগুলোর বিভিন্ন উন্নয়ন কর্মসূচি প্রভাবিত হবে।
বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচিটি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা উন্নত করার লক্ষ্যে গৃহীত হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। যদিও বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের কথা বলা হয়েছিল, তবে ভারতেও ২১ মিলিয়ন ডলারের সহায়তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে গৃহীত হয়েছিল।
সূত্র: channel 24
