বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টিভঙ্গি

নিউজ ডেস্ক:

ঢাকা, শনিবার: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে। জনগণের চাহিদা অনুযায়ী সংস্কারের অগ্রগতির ওপর নির্ভর করবে এ সময়সূচি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় আশাবাদ প্রকাশ করে ড. ইউনূস বলেন, “বাংলাদেশের আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। অতীতের তিনটি নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সেখানে ভুয়া সংসদ, ভুয়া এমপি ও স্পিকার ছিল। এখন জনগণ তাদের কণ্ঠ পুনরুদ্ধার করেছে, যা আগে ছিনিয়ে নেওয়া হয়েছিল।”

সাক্ষাৎকালে ব্রিটিশ এমপি রূপা হক বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং নির্বাচনী প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি।”

ড. ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের নিপীড়নমূলক কর্মকাণ্ড ও গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন।

ব্রিটিশ এমপি রূপা হক পরবর্তী নির্বাচনের পর্যবেক্ষণে বাংলাদেশে আবার আসার ইচ্ছাও প্রকাশ করেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।