নিউজ ডেস্ক :
মিয়ানমার ও থাইল্যান্ডে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ) সংস্থাটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করা হয়।
বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভূমিকম্পের ঝুঁকি কমাতে ফায়ার সার্ভিস কয়েকটি করণীয় নির্দেশনা দিয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে ভূমিকম্প-প্রতিরোধী ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার, গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন পরীক্ষা, নিয়মিত মহড়া ও সচেতনতা কার্যক্রম পরিচালনা।
এছাড়া জরুরি অবস্থার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণ ও স্বেচ্ছাসেবী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যেকোনো তথ্য ও সহায়তার জন্য ০১৭২২৮৫৬৮৬৭ মোবাইল নম্বর ও ১০২ হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
