বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত ফের যুক্ত করার নির্দেশ

নিউজ ডেস্ক :

বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৭ এপ্রিল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয় বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তারের স্বাক্ষরে জারিকৃত ওই নির্দেশনা রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমে প্রকাশ পায়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রাসঙ্গিক গুরুত্ব বিবেচনায় পূর্বের মতো বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, একসময় বাংলাদেশের পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকত যে, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় ওই শর্তটি বাদ দিয়ে নতুন পাসপোর্ট ইস্যু শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পাসপোর্ট থেকে এই গুরুত্বপূর্ণ শর্ত সরিয়ে ফেলার বিষয়ে তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা ঘোষণা দেয়া হয়নি।

নতুন নির্দেশনার মাধ্যমে সেই আগের অবস্থানেই ফিরছে সরকার, যা বিদেশগমন সংক্রান্ত নীতিতে একটি গুরুত্বপূর্ণ পালাবদল হিসেবে বিবেচিত হচ্ছে।