বাংলাদেশিদের চিকিৎসাসেবায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু করবে চীনা এয়ারলাইনস

নিউজ ডেস্ক :

বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহায়তা দিতে চীনের কুনমিং শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমবে, ফলে বাংলাদেশিরা আরও সহজে চীনের উন্নত স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

কুনমিংয়ের চারটি হাসপাতাল ইতিমধ্যে বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, এসব হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে তারা চীনা নাগরিকদের সমান ফি দিয়েই চিকিৎসাসেবা পাবেন।

তবে উচ্চ বিমান ভাড়া অনেকের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুনমিং রুটে ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে। চীনা কর্তৃপক্ষও জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আরও উন্নত চিকিৎসাসেবা কেন্দ্র উন্মুক্ত করা হবে।

বাংলাদেশিদের চিকিৎসাসেবা পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী মাসে একদল সাংবাদিককে কুনমিং পাঠানো হবে। এর আগেও বেশ কয়েকজন বাংলাদেশি সেখানে চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, তবে ভ্রমণ ব্যয়ের বিষয়টি তাদের অন্যতম প্রধান উদ্বেগ ছিল। নতুন ফ্লাইট চালু হলে এই সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।