জাগ্রত পাহাড় ডেস্ক:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪০০ পরিবারের ঘর মেরামত, ব্যবসা পুনর্গঠন এবং কৃষিকাজে অর্থ সহায়তা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার (৮ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত এবং পুঁজি হারানো ক্ষুদ্র ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তার আওতায় ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রামের ২১৩৯ পরিবারকে প্রাথমিক পর্যায়ে ৫ কোটি ১০ হাজার টাকা তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলাগুলোর পরিবারগুলোতেও অর্থ সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত ১৫০০ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবাসনের সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফাউন্ডেশন চেয়ারম্যান।
