অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যে একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে, বিক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলত। তবে সেটা দেশের জন্য ভালো হতো না।”
মঙ্গলবার বিকেলে ‘ডিসকাশন অন ডেমোক্র্যাটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এ কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে।
লন্ডনের হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড আলেকজান্ডার চার্লস কার্লাইল কিউসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ড. সাখাওয়াত হোসেন। কনফারেন্সটি পরিচালনা করেন ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক।
কনফারেন্সে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, “বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।”
এছাড়া লর্ড হোসাইন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।”
এই কনফারেন্সটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন এবং মানবাধিকার রক্ষার লক্ষ্যে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা চালানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
