নিউজ ডেস্ক:
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দেওয়া হয় এবং প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়েছে ‘ফুলকপি’।
রোববার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাইকোর্টের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বিডিপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে এবং তাদের প্রতীক সংরক্ষিত হয়েছে ‘ফুলকপি’। নিবন্ধন নম্বর ৫৪।
এর আগে, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না পাওয়ায় বিডিপির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে ২০২৩ সালের ১২ ডিসেম্বর আদালত দলটিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন ২০২৩ সালের ১০ এপ্রিল তা নামঞ্জুর করে। পরে, ২০২৩ সালের ২৫ মে দলটি আদালতে রিট আবেদন করে এবং ২৩ জুন হাইকোর্ট থেকে রুল জারি হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে দেশে রাজনৈতিক দল নিবন্ধন ব্যবস্থা চালু হওয়ার পর এ পর্যন্ত ৫৩টি দল নিবন্ধন পেলেও বিভিন্ন কারণে ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়। সর্বশেষ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন নিবন্ধন পায়। বিডিপিকে নিবন্ধন দেওয়ার পর দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯টি।
