নিউজ ডেস্ক :
এক দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবস্থান বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকে প্রায় ২৫ থেকে ৩০ জন আন্দোলনকারী অবস্থান করছেন, যাদের চারপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা রাতভর খোলা আকাশের নিচে কাটিয়েছেন। যদিও সকালে অনেকেই আশপাশে গেছেন, তবে দেশের বিভিন্ন জেলা থেকে আরও আহত ব্যক্তি যোগ দিতে আসছেন বলে জানান তারা।
প্রথমে চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে শুরু হলেও আন্দোলনকারীরা এখন এক দফা দাবিতে অনড় অবস্থানে আছেন। এর আগে, গত বছরের ১৩ নভেম্বর ও চলতি বছরের ১ ফেব্রুয়ারি আহত ব্যক্তিরা উন্নত চিকিৎসা, পুনর্বাসন, আর্থিক সহায়তা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে এবং রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন। সরকারি আশ্বাসে তারা কয়েকবার আন্দোলন স্থগিত করলেও দাবি আদায় না হওয়ায় আবারও মাঠে নেমেছেন।
