নিউজ ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন। আগামী ২৬ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে তিনি দেশটির উদ্দেশে রওনা দেবেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সফরের অংশ হিসেবে ২৮ মার্চ শি জিন পিংয়ের সঙ্গে তার বৈঠকের প্রস্তুতি চলছে।
জানা গেছে, চীনের হাইনান প্রদেশে ২৫ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিতেই তাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। ২৫ দেশের এই জোটের সম্মেলনে উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে চীনের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ ভ্রমণের কথা মাথায় রেখে চীন তার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। সফরের অংশ হিসেবে তিনি হাইনানে সম্মেলনে অংশ নেওয়ার পর বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন।
