পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নিউজ ডেস্ক :

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ১০ এপ্রিল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক চুক্তি ও বিনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়নুল ইসলামকে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের ঠিক পরদিন মো. ময়নুল ইসলামকে দেশের সর্বোচ্চ পুলিশ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর একই বছরের ২০ নভেম্বর তাকে সরিয়ে আইজিপির দায়িত্ব দেওয়া হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে।

আইজিপির পদ থেকে অব্যাহতির পর গত ২৬ নভেম্বর ময়নুল ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই সময় থেকেই তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি চলছিল, যা চূড়ান্তভাবে পোল্যান্ডে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে বাস্তবায়িত হলো।