নিউজ ডেস্ক :
কক্সবাজারের পেকুয়ায় লবণমাঠ দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) পেকুয়া সদরের মিঠাবেপারি পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিঠাবেপারি পাড়ার মৃত মো. ফরিদের ছেলে আব্দু শুক্কুর (৩৫) এবং রাজাখালীর টেকঘোনা পাড়ার ছৈয়দ মিয়ার ছেলে মো. আজম ওরফে আলমগীর (৩০)।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ সকালে পূর্ব উজানটিয়া ইউনিয়নের রূপালি বাজার এলাকায় ১১ একর লবণমাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এ সময় নিরস্ত্র নারী-পুরুষের ওপর ২০-২৫ জনের একটি দল প্রকাশ্যে গুলি চালায়। গুলিতে অন্তত ১৬ জন আহত হন। ঘটনার নেতৃত্বে ছিলেন মালেক পাড়ার মোহাম্মদ আবু ও ফরহাদ ইকবাল।
গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘৃণা ও নিন্দার ঝড় তোলে স্থানীয়দের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসীরা অন্তত ১৫ রাউন্ড গুলি ছুড়ে এলাকায় তাণ্ডব চালায়।
সেদিন রাতে ভুক্তভোগী নুরুন্নবীর ছেলে ইসমাঈল বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরে ২৫ মার্চ যৌথ বাহিনীর অভিযানে মামলার ৪ নম্বর আসামি সাইফুল ইসলামের বাড়ি থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলাও দায়ের করে।
