নিউজ ডেস্ক:
সরকারি নিরাপত্তা বাহিনী পুলিশ, র্যাব এবং আনসারের পোশাকে পরিবর্তন আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন পোশাকের অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮টি ইউনিফর্ম পরিহিত প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। তাদের মাধ্যমে চূড়ান্ত পোশাক নির্বাচন করা হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তা বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। বিশেষ করে সরকার পতনের পরপরই পুলিশের কার্যক্রম স্থবির হয়ে যায়। টানা সাতদিন পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর অন্তর্বর্তী সরকার থেকে বাহিনীটিকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ সদস্যরা পুরোনো ইউনিফর্ম পরার বিষয়ে অস্বস্তির কথা জানিয়ে কর্মবিরতি পালন করেছিলেন। তাদের দাবির প্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত ইউনিফর্মের মাধ্যমে বাহিনীর কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
