পিলখানা ট্রাজেডি: বিস্ফোরক মামলায় জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ আজ

নিউজ ডেস্ক:

পিলখানা ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় ৪০০ আসামির জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে বিশেষ ট্রাইব্যুনাল-২ এ এ কার্যক্রম পরিচালিত হবে।

রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। চীফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়েছে।

বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত এসব সদস্য হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলার বিচার চলমান থাকায় কারাগারে রয়েছেন। দীর্ঘ ১৬ বছর ধরে বিচারাধীন এই মামলায় স্বজনরা আসামিদের মুক্তি প্রত্যাশা করছেন।

এদিন ভোর থেকেই কারাগারের সামনে স্বজনদের জড়ো হতে দেখা যায়, যারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রিয়জনদের মুক্তি চান। বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করার মাধ্যমে ন্যায়বিচারের আশা করছেন সবাই।