নিউজ ডেস্ক:
সরকারি উদ্যোগে ৪০ কোটি পাঠ্যবই ছাপানোর সিদ্ধান্ত হলেও এখনও ২০ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। ফলে ওয়েবসাইটে দেওয়া পিডিএফ থেকে ছাপিয়ে নীলক্ষেতসহ বিভিন্ন জায়গায় এসব বই চড়া দামে বিক্রি হচ্ছে।
অভিভাবকেরা জানান, প্রাথমিক স্তরের বইয়ের সেট বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ টাকায়, আর মাধ্যমিক স্তরের বইয়ের দাম ২,২০০ টাকা পর্যন্ত। স্কুলে ক্লাস পুরোদমে শুরু হওয়ায় বাধ্য হয়ে এসব বই কিনছেন তারা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনামূল্যের বইও অবৈধভাবে বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু বই জব্দ করেছে। মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান অভিযোগ করেছেন, কিছু উপজেলা কর্মকর্তার যোগসাজশে বিনামূল্যের বই কালোবাজারে ছাড়া হচ্ছে।
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, কালোবাজারি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষার্থীরা খুব দ্রুত সব বই হাতে পাবে। অভিযুক্তদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।