নিউজ ডেস্ক:
পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ভেরিফিকেশন প্রক্রিয়াকে নাগরিকদের জন্য অপ্রয়োজনীয় হয়রানি হিসেবে উল্লেখ করেছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, “পাসপোর্ট একটি নাগরিক অধিকার। এটি নাগরিক পরিচয়ের দলিল, এতে পুলিশের ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। আমরা আইন করে তা তুলে দিয়েছি। হয়রানির এই প্রবণতা বন্ধ করতে হবে।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকেই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই প্রধান লক্ষ্য। বিশেষ করে নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরু দায়িত্ব।“
ড. ইউনূস আরও বলেন, দেশ পরিচালনায় সকলকে একটি টিম হিসেবে কাজ করতে হবে এবং এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা সামগ্রিক সাফল্যে ব্যাঘাত ঘটায়। জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, “অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের এই সুযোগ আপনাদের পুরোপুরি রয়েছে।”
